শিশুসহ নিহত ২২জন সামরিক জান্তার বিমান হামলা মিয়ানমারে স্কুলের উপর

0
367
ছবি- সংগৃহীত
শিশুসহ নিহত ২২জন। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্কঃ  মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর চলমান মানবিক যুদ্ধবিরতির মাঝেই একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন ২২ জন, যাদের মধ্যে ২০ জনই শিশু এবং বাকি দুজন শিক্ষক।

সোমবার (১২ মে) ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে এই মর্মান্তিক ঘটনার তথ্য উঠে আসে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে সাগাইং অঞ্চলের ওয়ে থেইন কুইন গ্রামে এই হামলা হয়। গ্রামটি ২৮ মার্চের ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক শিক্ষক বলেন, “এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ২০ জন শিশু এবং দুইজন শিক্ষক। আমরা শিশুদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যুদ্ধবিমানটি খুব দ্রুত গতিতে এসে বোমা বর্ষণ করে।”

স্থানীয় শিক্ষা বিভাগের এক কর্মকর্তা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই হামলা নিয়ে সেনা সরকারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকেই দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। সামরিক জান্তা একদিকে দেশজুড়ে আন্দোলন ও প্রতিরোধ দমন করতে দমননীতি চালাচ্ছে, অন্যদিকে জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও গণতান্ত্রিক শক্তিগুলো তাদের বিরুদ্ধে লড়াই করছে।

মিয়ানমারের সেনাবাহিনী চলতি মে মাসজুড়ে মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, যাতে ২৮ মার্চের ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা যায়। ওই ভূমিকম্পে প্রায় ৩ হাজার ৮০০ জনের প্রাণহানি ঘটে। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেও দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here