আবার মা হতে চলেছেন আলিয়া ভাট? কান উৎসব ঘিরে জোর জল্পনা

0
621
মা হতে চলেছেন আলিয়া ভাট
মা হতে চলেছেন আলিয়া ভাট

বিনোদন প্রতিবেদকঃ ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে সদ্য। বিশ্বের নানা প্রান্তের শিল্পীদের মতো এবারও উপস্থিত ছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা। উৎসবের শেষ প্রান্তে চমক দিয়ে হাজির হন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট।

প্রথমে ধারণা করা হয়েছিল, ভারত-পাকিস্তানের চলমান টানাপোড়েনের জেরে এই বছর কান মঞ্চে দেখা যাবে না আলিয়াকে। কিন্তু সব জল্পনা উড়িয়ে নিজ সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি। ফ্যাশনের শহর ফ্রান্সে পৌঁছে অংশ নেন এই আন্তর্জাতিক আয়োজনে।

কিন্তু আলিয়ার উপস্থিতি যতটা না চলচ্চিত্র কেন্দ্রিক, তার চেয়েও বেশি আলোচিত হয়েছে তার চেহারায় দেখা দেওয়া সম্ভাব্য ‘মাতৃত্বের ছাপ’। কান রেড কার্পেটে তার গ্ল্যামারাস উপস্থিতি দেখেই অনেকের অনুমান—রণবীর-আলিয়া দম্পতির ঘরে আবারও আসছে নতুন সদস্য।

প্রসঙ্গত, এই জুটির প্রথম সন্তান রাহা ইতিমধ্যেই বছর পেরিয়ে হাঁটতে শুরু করেছে। এর মধ্যেই নতুন অতিথি আসার গুঞ্জনে সরগরম সামাজিক মাধ্যম। অনেকে বলছেন, আলিয়ার পোশাকে ও ভঙ্গিমায় ছিল গর্ভাবস্থার স্পষ্ট ইঙ্গিত।

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু কান ফেস্টিভ্যালে আলিয়ার বডিকন স্টাইলের অফ-শোল্ডার কালো গাউন, আত্মবিশ্বাসী হাঁটাচলা আর সহজাত সৌন্দর্য দেখে অনেকের চোখে ধরা পড়েছে সম্ভাব্য ‘বেবি বাম্প’।

এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন, প্রথমবার মা-বাবা হওয়ার আগে থেকেই তারা সন্তানদের নাম নিয়ে ভাবনা শুরু করেছিলেন। তিনি জানান, রাহার নাম রেখেছিলেন রণবীরের মা নীতু কাপুর। একই সময় নীতু বলেছিলেন, আলিয়ার পছন্দ করা একটি ছেলের নাম ভবিষ্যতের জন্য রেখে দিতে, কারণ সেটির সঙ্গে রাহার নামের মিল রয়েছে।

এই মন্তব্য সামনে আসতেই নেটিজেনদের কৌতূহল আরও বেড়ে যায়। তার ওপর, কান উৎসবে আলিয়ার সাম্প্রতিক রূপ দেখে গুজব যেন আরও জোরালো হয়।

তবে শুধুই গসিপ নয়, আলিয়ার সাজপোশাক নিয়েও প্রশংসা থামেনি। হোটেল মার্টিনেজ থেকে যাত্রা শুরু করে তিনি পরেছিলেন ডিজাইনার ড্যানিয়েল রোজবেরির তৈরি একটি পেলব গোলাপি করসেট গাউন। সূক্ষ্ম সিকুইন কাজ করা সেই গাউনের নিচের অংশে ছিল ফুলের পাপড়ির মতো কারুকাজ। খোলা চুলে এলোমেলো খোঁপা, হালকা গয়না আর মিনিমাল মেকআপে আলিয়া ছিলেন এক কথায় মোহময়ী।

বিদেশি পোশাকে, বিদেশের মাটিতে নিজের অনন্য উপস্থিতি দিয়ে আলিয়া যেন জয় করলেন কান মঞ্চ। লালগালিচায় পা দিয়েই নজর কাড়লেন, চর্চায় এলেন, আর হয়তো নতুন জীবনের ইঙ্গিতও দিলেন।

এখন দেখার বিষয়, আলিয়ার দ্বিতীয়বার মা হওয়ার সম্ভাবনা কতটা বাস্তব। আপাতত ভক্তরা অপেক্ষায়—এই গুঞ্জন আদৌ সত্যি কি না, তার আনুষ্ঠানিক নিশ্চিতকরণের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here