মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট

0
508
ছবি-সংগৃহীত
ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্কঃ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্ট ওসি প্রদীপ কুমার দাশ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে। এছাড়া এই মামলায় আরও ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায়ও বহাল রয়েছে।

সোমবার (২ জুন) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে, গত বৃহস্পতিবার যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেছিল।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার, মো. আসাদ উদ্দিন এবং আরও কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। ওই ঘটনার পর বিচার শুরু হয় এবং ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করে।

সেই রায়ে প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি সাতজনকে খালাস দেওয়া হয়েছিল।

যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন: বরখাস্তকৃত উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা এবং স্থানীয় তিনজন সাক্ষী—নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয় নিয়ম অনুযায়ী, এবং দণ্ডপ্রাপ্তরাও রায়ের বিরুদ্ধে আপিল করেন। সেইসব শুনানি শেষে হাইকোর্ট আজ রায় ঘোষণা করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here