নতুনবাজার মোড়ে সড়ক অবরোধে ইউআইইউ শিক্ষার্থীরা, যান চলাচল ব্যাহত

0
188
ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতাঃ অবৈধ বহিষ্কার ও প্রশাসনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে রাজধানীর নতুনবাজার মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা নতুনবাজার মোড়ে জড়ো হয়ে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। শিক্ষার্থীদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড—যেখানে লেখা ছিল: “হয় বহিষ্কার প্রত্যাহার, না হয় লাশ যাবে”, “প্রশাসনের স্বেচ্ছাচার বন্ধ করো”, “বহিষ্কার প্রত্যাহার না হলে আন্দোলন চলবে” প্রভৃতি।

আন্দোলনকারীদের অভিযোগ, কোনো ধরনের আলোচনা ছাড়াই একতরফাভাবে একাধিক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা আরও দাবি করেন, প্রশাসন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করে আসছে।

শিক্ষার্থীরা জানান, যতক্ষণ না বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ঘটনার তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ততক্ষণ তাদের কর্মসূচি চলবে।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখযোগ্য যে, গত ২৬ ও ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের পর উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। পরদিন ২৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০ মে থেকে অনলাইন ক্লাস চালু হলেও বেশিরভাগ শিক্ষার্থী তা প্রত্যাখ্যান করে সরাসরি ক্লাস এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি, উপাচার্য ও সিএসই বিভাগের প্রধানের পদত্যাগসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ২০ জনের বেশি শিক্ষার্থীকে বেআইনিভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের দাবি আরও, ইউজিসিতে স্মারকলিপি দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here