আলোহীন রাত পেরিয়ে আশার প্রহর

0
148

দু’চোখের পাতা এক করতে না পারার মতো দুঃসহ রাত কাটে। অন্ধকারের দৈর্ঘ্য মনে হয় মহাকালের মতো। বুকে ওঠে ব্যথার তুফান, জীবন হয়ে ওঠে দুর্বিষহ। জীবনতরী হয়ে পড়ে বোঝার এবং যন্ত্রণার প্রতীক। মানুষগুলো দৈত্যের মতো লাগতে থাকে। ইস! যদি পালিয়ে যাওয়া যেতো—জীবন থেকে বহুদূরে।

আশার আলো নেই, বাঁচার স্বাদ নেই। বিশ্বাসের দেয়াল ধসে পড়ে মুহূর্তেই। চোখের পলকে বদলে যায় সম্পর্ক। বাতাসও বয়ে আনে দুঃসংবাদ। সবকিছু যেন আশাহীন মরীচিকা। নিজেকে মূল্যহীন ভাবতে ভাবতে সময় ডুবে যায় দুঃস্বপ্নের সাগরে।

চাকরি নেই, আশ্রয় নেই, কিংবা প্রিয়জন ছেড়ে গেছে বহুদূরে। বিশ্বাস ভেঙে গেছে, ভরসা টুটে গেছে। অতীত কিছু দেয় না, ভবিষ্যত আচ্ছন্ন ঘন অন্ধকারে। পোড়া প্রতিশ্রুতির স্মৃতি বুকে বয়ে চলা এক বিষাক্ত যন্ত্রণা। মানুষের অপমান, অবহেলা আর উপেক্ষায় হৃদয়ে দগদগে ক্ষত। চোখে ব্যথার বৃষ্টি, অন্তরে খণ্ডিত হবার যন্ত্রণা। বাঁচার স্বপ্ন মিছিল করে একে একে ঝরে পড়ে। শান্তি পালিয়ে যায় নিরুদ্দেশে। কাউকে বিশ্বাস করার মতো অবস্থা থাকে না। শান্তির প্রত্যাশাও নিষিদ্ধ মনে হয়। জীবনধারণের সুতোগুলো যেন একে একে ছিঁড়ে পড়তে চায়।

তবুও…..

তবু একদিন সকাল হবে, উঠবে সোনারোদ। রাতের অন্ধকার ফুরাবে। চোখের পাতা আবার এক হবে। সব ক্ষত মিলিয়ে যাবে। সময়ের চেয়ে উৎকৃষ্ট প্রতিষেধক নেই। প্রয়োজন শুধু ধৈর্য, মানিয়ে নেওয়ার মানসিকতা।

দুঃখের পরেই আসে সুখ। সুদিন আসবেই, সুখ ফিরে আসবেই। জীবন হয়ে উঠবে আবার দামি। তখন প্রতিটি ফুলে থাকবে সৌন্দর্য, পাতার আন্দোলনেও থাকবে নান্দনিকতা। হতাশা কিংবা ভেঙে পড়া জীবনের টেকসই কোনো সমাধান নয়। ঝড়ের পরেই সৃষ্টি হয় প্রশান্ত পরিস্থিতি। শান্তির জন্য পাড়ি দিতে হয় অশান্ত পথ।

চাওয়া–পাওয়ার খেলা জগৎ-সংসারে রহস্যময়! পাওয়া না পাওয়া—কীসে কল্যাণ, মানুষ নিশ্চিত জানে না। চাওয়া মতো কিছু না পেলেই ভেঙে পড়া আমাদের সহজাত প্রবৃত্তি। অথচ—চাওয়া পূরণ হলে হয়তো যন্ত্রণা দ্বিগুণ হতো।

একদিন কাজ মিলবেই, জীবন গুছিয়ে নেওয়ার সামর্থ্য হবে। জীবনের যোগফল মূলত স্যাক্রিফাইজেই। ত্যাগই ভোগের পথ খুলে দেয়। দুঃসময়ে টিকে থাকায় লুকিয়ে থাকে সাফল্যের বীজ। যেমন গাছের ডালপালা মূলের গুরুত্ব অস্বীকার করতে পারে না, তেমনি সুখও দুঃখকে উপেক্ষা করতে পারে না।

জগতে সবকিছুরই বিকল্প আছে। মন শক্ত করে নিতে হয়—না পাওয়াকেও আশীর্বাদ ভেবে। কিছুদিন পরেই অনুভবে পরিবর্তন আসে। যেসব ছাড়া একসময় বাঁচা অসম্ভব মনে হতো, সেসব ছাড়া জীবন হয়ে ওঠে সহজ ও শান্ত। সময়ই শেখায় বাঁচতে। সময়ই দেয় শিকড়ের শক্তি।

মানুষ সবসময় তার কাঙ্ক্ষিত বস্তু পায় না—এমনকি মনপ্রাণ দিয়ে ভালোবেসেও না। অথচ—অকাঙ্ক্ষিত বহু কিছু ঠিকই এসে জুড়ে বসে। মানসিক দৃঢ়তা থাকলে পৃথিবীকেও হার মানানো যায়। দুর্বল হৃদয় সবখানেই মরে।

আশাবাদী হোন। অতীতকে মনে করুন শিক্ষালয় হিসেবে। ভবিষ্যতের জীবনকে গড়ুন সৌন্দর্যে। আপনি একা নন—আপনি আরও অনেকের ভরসার কেন্দ্র। তাদের জন্য বাঁচতে হবে, তাদের ভালো রাখার দায়িত্ব আপনারই।

জীবনের মতো অমূল্য সম্পদ হেলায় নষ্ট করবেন না। কষ্টে ভ্রষ্ট পথে পা রাখলে দুঃখ দ্বিগুণ হয়। সবর করুন। আঁধার ফুরিয়ে যাবে। সামনে আলো। তা গ্রহণ করুন।

রাতের ওপারে যে সফেদ ভোর—সে আপনার সাক্ষাৎ পেতে অধীর অপেক্ষায়। নিজের সুন্দর ভবিষ্যৎকে বঞ্চিত করবেন না।

রাজু আহমেদ, প্রাবন্ধিক।  

raju69alive@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here