জুলাইয়ের গণঅভ্যুত্থানে রিকশাচালকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্থানীয় সরকার উপদেষ্টা

0
165
ডিএনসিসির অডিটোরিয়ামে ব্যাটারীচালিত রিকশা (ই-রিকশা) প্রশিক্ষন কর্মসুচীর উদ্ভোধনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূ্ইয়া। ছবি -পিআইডি

গোলাম রাজীবঃ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাইয়ের গণআন্দোলনে রিকশাচালকরা ছিলেন গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি জানান, ই-রিকশাকে বৈধ কাঠামোর আওতায় আনতে পারলে তাদের আর অবৈধ বলা যাবে না এবং কেউ হয়রানিমূলক শাস্তি দিতে পারবে না। এতে তারা সম্মানের সঙ্গে নাগরিক সেবা দিতে পারবে।

আজ শনিবার ঢাকার গুলশান-২-এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত ‘তিন চাকার ব্যাটারিচালিত স্বল্পগতির রিকশা (ই-রিকশা) প্রশিক্ষণ কর্মসূচির’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, চালক ও যানবাহনের লাইসেন্সিং পদ্ধতিকে ডিজিটাল করার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমানো হবে। প্রাথমিকভাবে ঢাকার দুই সিটি কর্পোরেশনের অঞ্চল-১-এ নির্দিষ্টসংখ্যক ই-রিকশা চালু করা হবে।

আধুনিকীকরণের অংশ হিসেবে ই-রিকশায় থাকবে কিউআর কোড, রিকশা অ্যাপ ও ওয়েবসাইট—যার মাধ্যমে ট্রাফিক বিভাগ দ্রুত তথ্য সংগ্রহ করতে পারবে।

৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পুলিশ না থাকায় শিক্ষার্থীরা তখন দেশপ্রেমের পরিচয় দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নেয়। তাই ভবিষ্যতে ট্রেইনার প্রশিক্ষণে তাদেরকেও যুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনার প্রতিবেদন অনুযায়ী, গত ঈদে ৩২ শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী ছিল অটোরিকশা। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সংশ্লিষ্টদের ঐকান্তিক প্রচেষ্টায় এই কার্যক্রম শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপদেষ্টা বলেন, এ উদ্যোগকে সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, মো. খোদা বখস চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়া এবং উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজসহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

এছাড়া উপদেষ্টা নগর ভবনের নিচতলায় নতুন মডেলের ব্যাটারিচালিত রিকশার গ্যারেজও পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here