ক্ষতিকর খাদ্যদ্রব্য জব্দ, মালিককে জরিমানা ও মামলা

0
309
ভেজাল খাদ্য জব্দ।

সামাদ খান ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার কানাইপুর বাজারে অবস্থিত ‘মেসার্স শাহী প্রোডাক্ট’-এ সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও মানবদেহের জন্য ক্ষতিকর জুস ও অন্যান্য পানীয় জব্দ করা হয়েছে। ২৮ জুন ২০২৫, শুক্রবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির, সঙ্গে ছিলেন সেনাবাহিনীর একটি বিশেষ দল এবং ফরিদপুর কোতোয়ালি থানার একদল পুলিশ। অভিযানে ৭ ধরনের লাইসেন্সবিহীন, নকল ব্র্যান্ডযুক্ত এবং রাসায়নিক রঙ ও কৃত্রিম ফ্লেভারযুক্ত জুস ও পানীয় উদ্ধার করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বলেন,

“এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত কোনো ধরনের সরকারি অনুমোদন বা বিএসটিআই লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। এসব খাদ্যে ব্যবহৃত রাসায়নিক উপাদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে ফ্যাক্টরিটি সিল করে দেওয়া হয়েছে।”

উদ্ধারকৃত পণ্যসমূহের মধ্যে ছিল—নকল ‘সানকুল’, ‘স্পিড’, ‘ফ্রূটিকা’ জাতীয় পানীয়, বোতলজাত কৃত্রিম আম, লিচু ও মাল্টা ফ্লেভারের জুস, যেগুলোতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিনথেটিক ফ্লেভার ও কেমিক্যাল রং ব্যবহার করা হতো।

সেনাবাহিনীর ফরিদপুর ক্যাম্পের একজন সিনিয়র কর্মকর্তা বলেন,

“আমরা অবৈধ অস্ত্র, মাদক, ভেজাল খাদ্য, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এই ধরনের জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে ওঠা কার্যক্রম দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে অনুরোধ জানানো হচ্ছে—এমন কোনো তথ্য জানা থাকলে সেনা ক্যাম্প বা প্রশাসনকে জানান।”

অভিযানে জব্দকৃত পণ্যগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা সেনাবাহিনী ও প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here