তাবেলা সিজার হত্যা মামলা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪ জনের

0
561
তাবেলা সিজার। ছবি - সংগৃহীত

প্রধান প্রতিবেদকঃ দশ বছর আগে ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যার মামলায় আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং চারজনকে খালাস দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন:

  • তামজিদ আহমেদ ওরফে রুবেল
  • রাসেল চৌধুরী
  • মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল

খালাসপ্রাপ্তরা হলেন:

  • বিএনপি নেতা এম এ কাইয়ুম
  • তার ভাই আবদুল মতিন
  • শাখাওয়াত হোসেন
  • সোহেল

মামলার কার্যক্রমে জানা যায়, তামজিদ, রাসেল, মিনহাজুল, মতিন ও শাখাওয়াত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। অন্যদিকে, কাইয়ুম ও সোহেল বিচার চলাকালে পলাতক ছিলেন। মতিন জামিনে ছিলেন এবং বাকিরা কারাগারে ছিলেন; রায় ঘোষণার সময় তাদের আদালতে হাজির করা হয়।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান এলাকায় তাবেলা সিজারকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করার দাবি করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইটে।

হত্যাকাণ্ডের পর আইসিসিও কো-অপারেশন নামে নেদারল্যান্ডসভিত্তিক একটি সংস্থার বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন দার বিক গুলশান থানায় মামলা করেন। তাতে অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ২০১৬ সালের ২৮ জুন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক গোলাম রাব্বানী সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

মামলার নথি অনুযায়ী, হামলার উদ্দেশ্য ছিল একজন বিদেশি নাগরিককে হত্যা করে দেশে-বিদেশে আতঙ্ক তৈরি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here