চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল এখন ড্রাইডকের অধীনে

0
453
ছবি - সংগৃহীত

আসিফ ইকবাল নুর জেলা প্রতিনিধি কক্সবাজারঃ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এখন থেকে পরিচালিত হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের মাধ্যমে।

গতকাল রবিবার (৬ জুলাই) রাত ১২টায় বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এনসিটির দায়িত্ব নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।

আজ সোমবার (৭ জুলাই) থেকে ড্রাইডক টার্মিনালটি পরিচালনা শুরু করেছে। ১৭ বছর ধরে এনসিটি পরিচালনা করে আসছিল বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় প্রতিষ্ঠানটি টার্মিনালের দায়িত্ব ছেড়ে দেয়। তবে আইনগত সীমাবদ্ধতার কারণে নৌবাহিনী সরাসরি দায়িত্ব না নিয়ে তাদের অধীনস্থ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ড্রাইডক লিমিটেডকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন, সরকারের অনুমোদন পাওয়ার পর বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় ড্রাইডকের সঙ্গে একটি ছয় মাসের চুক্তি অনুমোদিত হয়। একই দিনে সাইফ পাওয়ারটেক থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে ড্রাইডক।

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমীন জানিয়েছেন, তারা দায়িত্ব হস্তান্তর করেছেন এবং বর্তমানে তারা সিসিটি টার্মিনালে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনাল রয়েছে—চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)। ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে হ্যান্ডলিং হওয়া প্রায় ৩২ লাখ টিইইউস কনটেইনারের মধ্যে এনসিটি থেকেই পরিচালিত হয়েছে প্রায় ৪৪ শতাংশ।

এনসিটির কার্যক্রমে নতুন এই রূপান্তরের ফলে নৌবাহিনীর দক্ষ ব্যবস্থাপনা ও নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত হবে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে এনসিটি পরিচালনা করছিল সাইফ পাওয়ারটেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here