শরীয়তপুরে ফেরিঘাট ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে ফেরি চলাচল বন্ধ

0
238
ছবি- সিএনএস

শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরের ভেদরগঞ্জে নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গতকাল রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

ঘাটে ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। নরসিংহপুর ফেরিঘাটের ঘাট ব্যবস্থাপক ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ঘাট কর্তৃপক্ষ সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালার বিরোধ চলে আসছিল।

একটি পক্ষের ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে হয়ে যায়। এখন পর্যন্ত ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ট্রাক, বাস ও ব্যক্তিগত দুই শতাধিক গাড়ি আটকা পড়েছে।

মাইদুল ইউসুফ জিসান বালা বলেন, ‘সরকার এক বছরের জন্য আমাকে ঘাট ইজারা দিয়েছে। কিন্ত সাবেক ইজারাদার মোমিন দিদার ইজারার জন্য আপিল করেছেন। তিনি নাকি উচ্চ আদালত থেকে ইজারার পক্ষে রায় পেয়েছেন। তবে আদালত থেকে আমি কোনো কাগজ হাতে পাইনি।

মোমিন দিদার বলেন, ‘বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে আমি ইজারাদার হিসেবে রায় পেয়েছি। পরে আমার লোকজন ফেরিঘাটে কাজ করছে। কিন্ত জিসান বালা বিভিন্নভাবে বাধা প্রদান করছেন। এই রুটের গাড়িগুলো উল্টো পথে ফিরিয়ে দিচ্ছেন।

পরিবহন চালক ইমন বলেন, “আমরা রাত ২টা থেকে আটকা পড়ে আছি। ‘আমরা ফেরি পারাপারের জন্য অপেক্ষায় আছি। তিন কিলোমিটার পর্যন্ত যানযট রয়েছে। আমরা ভোগান্তিতে আছি। এর সমাধান চাই।’

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ইজারা ওঠানোকে কেন্দ্র করে  ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়ে যাত্রী ও চালকরা ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here