গোলাম রাজীবঃ রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রোডম্যাপ প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটের প্রস্তুতিতে ২৪ দফা পরিকল্পনা
ইসি সচিব বলেন, “নির্বাচনকে সামনে রেখে মোট ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত।”
তিনি জানান, নভেম্বরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ভোটগ্রহণের ৩০ দিন আগে প্রতিটি বুথে কতজন ভোটার থাকবে তা জানানো হবে।
সীমানা চূড়ান্ত ও অন্যান্য প্রস্তুতি
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে, যা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে বলে জানান আখতার আহমেদ।
রোডম্যাপে নির্বাচন সংশ্লিষ্ট যেসব কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে রয়েছে:
আইন ও বিধিমালা সংস্কার
রাজনৈতিক দল ও নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধন
ভোটার তালিকা হালনাগাদ
ব্যালট ও খাম মুদ্রণ
নির্বাচনী সামগ্রী ক্রয়
প্রবাসীদের ভোট অন্তর্ভুক্তকরণ
ভোটকেন্দ্র নির্ধারণ
ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ ও প্রশিক্ষণ
তবে রোডম্যাপে তফসিল ঘোষণা বা নির্দিষ্ট ভোটের তারিখ উল্লেখ করা হয়নি।
রোডম্যাপ অনুমোদন
এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনার এবং ইসি সচিবের উপস্থিতিতে বৈঠকে রোডম্যাপ অনুমোদিত হয়।








