নিজস্ব সংবাদদাতা: রাজধানীর কাকরাইলের আল রাজী কমপ্লেক্সের নিচে হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

নুরুল হক নুরের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা লাইভ ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। লাইভে আরও শোনা যায়, নুরসহ দলের অন্য নেতারা সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। অপর এক ভিডিওতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা করতে দেখা যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গণঅধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে গেলে জাপার নেতাকর্মীরা বেরিয়ে আসেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। প্রায় আধঘণ্টা সংঘর্ষ চলার পর সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রমনা থানার পুলিশ জানায়, সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।








