ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা প্রধান উপদেষ্টার

0
384
ছবি- বাসস

নিজস্ব সংবাদদাতাঃ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া দেশের সামনে অন্য কোনো পথ খোলা নেই।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা বৈঠকে রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করে বলেন, “যে সময়ের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই সময়েই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে।”

তিনি সতর্ক করে বলেন, “নির্বাচনের বিকল্প নিয়ে ভাবা জাতির জন্য গভীর ঝুঁকি ডেকে আনবে।”

ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদ চূড়ান্তকরণ বিষয়েও মতামত প্রদান করেছে। এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট ড. আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার অগ্রগতি তুলে ধরেন।

দলগুলোর সঙ্গে আলোচনায় দুর্গাপূজার শান্তিপূর্ণ উদ্‌যাপন নিয়েও গুরুত্বারোপ করা হয়। প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন, যেন কেউ এই উৎসবকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে।

এ ছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানানো হয়। প্রয়োজনে তাঁকে বিদেশে পাঠানোর সিদ্ধান্তও সরকারের হাতে রয়েছে।

প্রধান উপদেষ্টা দৃঢ়ভাবে জানিয়েছেন, “এ নির্বাচন হবে দেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন, যেখানে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”