অনলাইন ডেস্কঃ মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসাম (৪৫) চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানা–পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে তালাবদ্ধ একটি ব্যাগও জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ভারত পালানোর প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আশরাফুজ্জামানের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, মাগুরা সদর থানাকে খবর দেওয়া হয়েছে। সেখানকার পুলিশ সদস্যরা চুয়াডাঙ্গায় রওনা হয়েছেন। মাগুরা পুলিশ পৌঁছালে ব্যাগের তালা খুলে তল্লাশি চালানো হবে।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলীও বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরা আশরাফুজ্জামানকে আনতে একটি দল পাঠাচ্ছেন।








