রাজধানীতে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মী গ্রেফতার

0
358
ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ এবং আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা, কেবি কনভেনশন হলের ভাড়া প্রদানকারী মোঃ বায়েজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ ইবনে সাদিক, ওয়ার্ড ও থানা পর্যায়ের একাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা।

ডিবি সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেল থেকে ৭ সেপ্টেম্বর ভোর পর্যন্ত রাজধানীর কাফরুল, ফকিরাপুল, পূর্ব কাজীপাড়া, তুরাগ, কাটাবন, নয়াবাজার, পরিবাগ, বংশাল, দাড়িপাড়া ও অন্যান্য এলাকায় পৃথক পৃথক অভিযান চালানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম ও পরিচয়:

নাহিদা নূর সুইটি (৪৮) – কাফরুল থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী

মিরাজ সিকদার (২৮) – মতিঝিল থানা ছাত্রলীগের সহ-সভাপতি

মোঃ বায়েজিদ (৪৫) – কনভেনশন হল মালিক ও আওয়ামী লীগের কর্মী

মহর আলী (৪০) – উত্তরা পশ্চিম থানা শ্রমিকলীগ নেতা

শেখ ইবনে সাদিক (৩০) – ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি

আমিনুল ইসলাম বিপ্লব (৫৩) – মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক

নিতাই ঘোষ (৬৫) – ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা

মোঃ শামীম শিকদার (৪০) – আওয়ামী লীগের সক্রিয় কর্মী

ইমতিয়াজ উদ্দীন সুমিত (২৯) – বংশাল থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা

আমির হামজা (২৮) – গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

মোঃ সাকিব কাজী (২৪) – গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক

মোঃ নাদিম শেখ (২২) – রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক

মোঃ রেজওয়ান হাওলাদার (২৯) – যুবলীগ কর্মী

ডিবি’র পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় রাজধানীতে ঝটিকা মিছিল ও জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।

তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: ডিএমপি নিউজ