আশুলিয়ায় মহাসড়ক থেকে রুস্তম আলী (২৫) নামে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

0
252

ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধি: আশুলিয়ায় মহাসড়ক থেকে রুস্তম আলী (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

নিহত রুস্তম আলী (২৫)

নিহত রুস্তম আলী নীলফামারী জেলার জলঢাকা থানার ছলিম উদ্দিনের ছেলে। তবে তার পেশা সম্পর্কে বিস্তারিত জানা যায় নি।

পুলিশ জানায়, ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় রুস্তম নামের ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পথচারীরা। পরে তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং পরে র‌্যাবের সহযোগিতায় তার পরিচয় সনাক্ত করে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নিহত ওই যুবককে অন্য কোন জায়গায় গুলি করে হত্যার পর এই এলাকায় এনে তার লাশ ফেলে রেখে গেছে । প্রাথমিকভাবে তার নাম-পরিচয় সনাক্ত করা হলেও তা যাচাই করার জন্য সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। পরে বিস্তারিত বলা যাবে।

ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।