চুয়াডাঙ্গায় পথসভায় বিএনপি নেতার বক্তব্য – আগামীর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এতে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি আলমডাঙ্গার খাসককরা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন।
দুদু অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে। তিনি বলেন, “তারা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, আগামীর নির্বাচনে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল বিএনপিকে জয়ী করতে হবে। ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো ছাড়া কোনো বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনজুরুল জাহিদসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








