এস ইসলাম খাজা কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা দাউদকান্দি থানার এক নম্বর সুন্দরপুর মডেল ইউনিয়নের সুন্দরপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ থেকে শুরু হয়েছে।
এ উৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা নির্ভয়ে এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।
বিশেষ করে সুন্দরপুর পূর্ব পাড়ার জনগণ ও পূর্বপাড়া সমাজ কল্যাণ সংঘের যুবকরা দিন-রাত নিরলসভাবে কাজ করছেন। তাদের সহযোগিতায় পূজামণ্ডপকে ঘিরে তৈরি করা হয়েছে নিরাপত্তার সুরক্ষা বলয়।
স্থানীয়রা জানান, কোনো অসামাজিক বা বিশৃঙ্খল শক্তি যাতে পূজার আনন্দ নষ্ট করতে না পারে, সেজন্য তারা সদা সতর্ক রয়েছেন। ফলে এলাকায় উৎসবমুখর পরিবেশের মধ্যেই হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে পূজা পালন করতে পারছেন।
সুন্দরপুরের মানুষ একাত্মতার বার্তা দিয়ে বলছেন, “ধর্ম যার যার, উৎসব সবার”— এই মন্ত্রেই মিলনমেলায় পরিণত হয়েছে দুর্গাপূজা।








