মোঃ সিদ্দিকুর রহমান পটুয়াখালী জেলা প্রতিনিধি: সরকারি প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা এখনও তাদের প্রাপ্য অবসরকালীন ভাতা ও সুবিধা পাচ্ছেন না— এ অভিযোগ তুলে দেশব্যাপী বিভাগীয় সম্মেলনের ধারাবাহিকতায় বরিশাল বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে।
৪ অক্টোবর ২০২৫ শনিবার পটুয়াখালীর আক্কেল আলী ডিগ্রি কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব আলী আকবর। এতে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ তৃণমূল পর্যায়ের প্রতিনিধি ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা।
বক্তারা বলেন, ২০০৪ সাল থেকে বিষয়টি সরকার ও গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ—বিশেষ করে চেয়ারম্যান, এমডি, জিএম এবং সরকারপক্ষের পরিচালনা পর্ষদকে অবহিত করা হলেও অজ্ঞাত কারণে এখনো প্রজ্ঞাপন কার্যকর হয়নি। এতে হাজারো অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন।
সম্মেলনে নেতৃবৃন্দ সরকারের প্রতি দ্রুত প্রজ্ঞাপন বাস্তবায়নের জোর দাবি জানান এবং বলেন, সরকারের ঘোষিত অধিকার থেকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীদের বঞ্চিত করা অন্যায় ও অমানবিক।
সভা শেষে কল্যাণ সমিতির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা আগামী কর্মসূচি নির্ধারণে একমত হন এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেরও ঘোষণা দেন।
প্রধান দাবি: অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মকর্তা–কর্মচারীদের সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী অবসরকালীন ভাতাদি দ্রুত প্রদান।








