সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মকর্তা–কর্মচারীদের মানববন্ধন

0
292

মোঃ সিদ্দিকুর রহমান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: সরকারি প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এ দাবির প্রেক্ষিতে শনিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন অবসরপ্রাপ্ত গ্রামীণ ব্যাংক কর্মকর্তা–কর্মচারী আহ্বায়ক কমিটির বিভিন্ন বিভাগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ সরকারি প্রজ্ঞাপনের পূর্ণ বাস্তবায়ন, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের চিঠির কার্যকরতা দাবি করেন। পুরো প্রেস ক্লাব এলাকা জুড়ে “সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়ন চাই” ও “ন্যায্য অধিকার চাই” স্লোগানে মুখরিত ছিল পরিবেশ।

বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মেডিকেল ভাতা, দুইটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রদানের দাবিটি দীর্ঘদিনের। এই দাবির বিষয়টি সচিব, অর্থ মন্ত্রণালয়; গভর্নর, বাংলাদেশ ব্যাংক; এবং চেয়ারম্যান, গ্রামীণ ব্যাংক বরাবর লিখিতভাবে আবেদন করা হয়েছে। তাঁরা জানান, দেশের অন্যান্য প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মচারীরা ২০০৪ সাল থেকেই এ সুবিধা ভোগ করছেন, অথচ গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এখনো বঞ্চিত।

মানববন্ধনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে তাঁরা শিগগিরই বৃহত্তর কর্মসূচি ও আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবেন।