কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের মূল ফটকের পাশ থেকে পেট্রোলভর্তি দুটি বোতল ও একটি টাইম বোমা উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা ব্যাগ থেকে এসব বস্তু উদ্ধারের পর মাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকায় থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের চার সদস্যের একটি দল সন্দেহজনক ব্যাগটি পরীক্ষা করে। পরে তাদের পরীক্ষায় ব্যাগের ভেতরে দুটি বোতলভর্তি পেট্রোল ও একটি টাইম বোমা থাকার বিষয়টি শনাক্ত হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে মাজার কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বারের পাশে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখেন সেখানে অবস্থানরত সাধুরা। বিষয়টি তাঁরা কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনকে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি পরীক্ষা করেন ওসি। এর ভেতরে পেট্রোল ও বৈদ্যুতিক সরঞ্জামের মতো বস্তু দেখতে পেয়ে তিনি পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সম্ভাব্য ঝুঁকি এড়াতে মাজার এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তা চাওয়া হয়।
নিরাপত্তার স্বার্থে মাজারের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দায়িত্ব পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাজার এলাকা ফাঁকা করা হয়।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, রাতে সাধুরা পরিত্যক্ত ব্যাগটির বিষয়ে তাঁকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপারকে বিষয়টি জানান। পরে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যাগের ভেতরে টাইম বোমা থাকার বিষয়টি শনাক্ত করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।
তবে কে বা কারা ব্যাগটি সেখানে রেখেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
ঘটনাটির পর লালন শাহের মাজার এলাকায় সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা বজায় রাখা হয়েছে।



