Homeবিবিধটপ ফাইভট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা: গোলাম পরওয়ার

ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা: গোলাম পরওয়ার

অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি:

দেশের সড়ক ও মহাসড়কে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনার জন্য ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটিকে দায়ী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালকদের গাড়ি চালানো বন্ধ এবং ফিটনেসবিহীন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোরের বনপাড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, নাটোর-পাবনা মহাসড়কে সংঘটিত দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় তিনি শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়ারও দাবি জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, সড়ক ও মহাসড়কে বারবার ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এ ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে ট্রাফিক ব্যবস্থাপনার ত্রুটি দূর করার পাশাপাশি চালকদের দক্ষতা ও যোগ্যতা নিশ্চিত করতে হবে। অদক্ষ চালকদের গাড়ি চালানো থেকে বিরত রাখা এবং মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন খাতে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে নাটোরের বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments