চট্টগ্রাম প্রতিনিধি:
বন্ধ ও উৎপাদনে পিছিয়ে থাকা শিল্পকারখানার বিদ্যমান অবকাঠামো ও সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের আমিন জুট মিলস ও এশিয়াটিক কটন মিলস পরিদর্শনকালে তিনি এ গুরুত্বারোপ করেন। এ সময় প্রতিমন্ত্রী মিল দুটির অবকাঠামো, উৎপাদন সক্ষমতা, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা পর্যালোচনা করেন। পরে তিনি চট্টগ্রামের নো ভিউ গেস্ট হাউসও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে প্রতিষ্ঠান দুটির বর্তমান অবস্থা, কার্যক্রম ও বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন। বস্ত্র ও পাট খাতের শিল্পসম্পদের কার্যকর ব্যবহার, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের সম্ভাবনা নিয়ে এ সময় আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বস্ত্র ও পাটশিল্পের দীর্ঘ ঐতিহ্য ও বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে বিদ্যমান শিল্পকারখানার অবকাঠামো, জনবল ও উৎপাদন সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি শিল্প খাতের সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে, যাতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তু হিসেবে বিশ্ববাজারে পাটের বিশেষ গুরুত্ব রয়েছে। অন্যদিকে, দেশের শিল্পায়ন, রপ্তানি আয় ও কর্মসংস্থানে বস্ত্র ও টেক্সটাইল খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই দুই খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী পরিবেশ গড়ে তুলতে হবে।
শরীফুল আলম আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন এবং বিদ্যমান সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি। প্রতিষ্ঠানগুলোর বাস্তব অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া গেলে শিল্প খাতের অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব।
রাষ্ট্রীয় শিল্পসম্পদের যথাযথ ব্যবহার, উৎপাদনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট করপোরেশন ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কবির উদ্দিন সিকদার, এনডিসি, পিএসসি এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



