খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বউবাজারের সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাহপাড়ার একটি সড়কে খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ নিয়ে গত ১০ মাসে খুলনায় হত্যাকাণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪টিতে।



