বগুড়া প্রতিনিধি:
‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’, প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঋণের চেক ও যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ, জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দক্ষ যুবসমাজ গড়ে তুলতে হবে। যুবকরাই আগামী দিনের চালিকাশক্তি। প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে তরুণদের সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এবং পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।
যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক সাহাবুদ্দিন সরকার স্বাগত বক্তব্য দেন। এ সময় আরও বক্তব্য দেন সুরাইয়া ফারহানা রেশনা, রেজওয়ানুল ইসলাম, আতিকুল ইসলাম বিপ্লব, রেজওয়ানুল ইসলাম আতিক, তরুণ উদ্যোক্তা রিপন কুমার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম এবং সাবেক যুবদল সভাপতি খাদেমুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যুব সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে ঋণের চেক ও নিবন্ধন সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।



