https://cns24news.com/

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার

প্রকাশের তারিখ: 06 Oct 2026   |   প্রতিবেদক: editor
পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া গ্রেফতার

রংপুর প্রতিনিধি:

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া ওরফে মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পঞ্চগড়ের আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সূত্রে জানতে পারে, আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাঈমুজ্জামান ভূঁইয়া জেলার ভেতরে অবস্থান করছেন।

এরপর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি, পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানার সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। কুইক রেসপন্স টিমের (কিউআরটি) সহায়তায় দলটি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

একপর্যায়ে সদর উপজেলার কাজীপাড়া এলাকায় নাঈমুজ্জামান ভূঁইয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারের পর তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম বলেন, নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, আলামিন হত্যা মামলাসহ নাঈমুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা তদন্তাধীন রয়েছে।

তবে এসব মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।