https://cns24news.com/

আধুনিক বিনোদনকেন্দ্র হচ্ছে ধানমন্ডি লেক

প্রকাশের তারিখ: 06 Oct 2026   |   প্রতিবেদক: editor
আধুনিক বিনোদনকেন্দ্র হচ্ছে ধানমন্ডি লেক

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর ধানমন্ডি লেককে আধুনিক বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনায় দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় লেকের তলদেশের স্ল্যাশ অপসারণ, পানি পরিষ্কার, ওয়াকওয়ে সংস্কার ও সম্প্রসারণ, সাইডওয়াল সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং আধুনিক লাইটিংয়ের ব্যবস্থা করা হবে।

পাশাপাশি লেক এলাকায় ক্যাফে, শিশুদের বিনোদনের ব্যবস্থা এবং ‘নজরুল মঞ্চ’ নামে একটি সাংস্কৃতিক মঞ্চ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ধানমন্ডি লেক শুধু স্থানীয় বাসিন্দাদের নয়, রাজধানীর বিভিন্ন এলাকার মানুষের জন্যও একটি আধুনিক উন্মুক্ত বিনোদনকেন্দ্রে পরিণত হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ধানমন্ডির ৩/এ এলাকায় ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়নের জন্য দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের বিস্তারিত নকশা প্রস্তুত করা হয়েছে এবং সেই নকশা অনুযায়ী উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, প্রকল্পের আওতায় লেকের স্ল্যাশ উত্তোলন ও অপসারণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি নাগরিকদের অবসর ও বিনোদনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরি করা হবে। একটি আধুনিক লেকের জন্য যেসব সুবিধা প্রয়োজন, সেগুলো ধানমন্ডি লেকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের উন্নয়ন তাঁর নির্বাচনী অঙ্গীকারের অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়ন শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি লেকের পরিবেশ রক্ষায় নাগরিকদের সচেতন হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ধানমন্ডি লেকের উন্নয়নের পরিকল্পনা দীর্ঘদিনের হলেও তা বাস্তবায়নের জন্য কিছুটা সময় লেগেছে। এখন প্রাথমিকভাবে লেকের তলদেশের স্ল্যাশ পরিষ্কারের কাজ করা হবে।

এরপর পর্যায়ক্রমে পানি পরিষ্কার, সাইডওয়াল সংস্কার, বিদ্যমান ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, গাছপালার সৌন্দর্যবর্ধন এবং লাইটিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

শিশুদের বিনোদনের বিষয়টিও পরিকল্পনায় রাখা হয়েছে। লেকে স্পিডবোটের ব্যবস্থা রাখার কথা জানান দক্ষিণ সিটির প্রশাসক। তবে লেকের পরিবেশ দীর্ঘমেয়াদে ভালো রাখতে নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, ধানমন্ডি লেকে মাছ রয়েছে এবং বর্তমানে পানির অবস্থা মাছ মারা যাওয়ার মতো পর্যায়ে পৌঁছেনি। তবে লেকটি যাতে বারবার দূষিত না হয়, সে জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।

ধানমন্ডি লেকের পাশাপাশি পুরো এলাকার নাগরিক সুবিধা উন্নয়নের পরিকল্পনার কথাও জানান আবদুস সালাম। তাঁর মতে, লেককেন্দ্রিক উন্নয়নের সঙ্গে এলাকার রাস্তা, ফুটপাত ও সড়কবাতিসহ বিভিন্ন অবকাঠামো উন্নত করা হবে।

এ ছাড়া লেক এলাকায় ‘নজরুল মঞ্চ’ নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি লাইব্রেরি, ক্যাফে ও পড়াশোনার ব্যবস্থা রাখার কথা রয়েছে। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, এটি রবীন্দ্র সরোবরের আদলে ঢাকার মানুষের জন্য একটি উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ধানমন্ডি লেকের উন্নয়নকাজ মঙ্গলবার থেকেই শুরু হয়েছে। এ কাজে স্থানীয় বাসিন্দা, ধানমন্ডিবাসী ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, শুধু ধানমন্ডির বাসিন্দারাই নন, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ লেকে ঘুরতে আসেন। তাই সবার জন্য নিরাপদ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই উন্নয়ন পরিকল্পনার অন্যতম লক্ষ্য।

তবে পরিকল্পনাগুলো বাস্তবায়নের পাশাপাশি লেকের পানি ও পরিবেশের স্থায়িত্ব নিশ্চিত করা এবং অতীতের দূষণ যাতে ফিরে না আসে, সেটিই হবে প্রকল্প বাস্তবায়নের পর বড় চ্যালেঞ্জ। এজন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।