বিশেষ প্রতিবেদক:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী ঢাকা ছাড়তে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সফরের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।
সালেহ শিবলি বলেন, “মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। সে বিষয়ে প্রস্তুতি চলছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২৬ অক্টোবর জাপানের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। সফরটি চার দিনের হতে পারে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি এবং বৈঠকের সূচি এখনো চূড়ান্ত হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এ আমন্ত্রণ জানানো হয়।
ওই বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানকে সফরের আমন্ত্রণ পৌঁছে দেন। পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
একই সময়ে জাপানের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জাপানের আমন্ত্রণের জবাবে বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য টোকিও সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। তবে সফরের আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করা হয়নি।