নিজস্ব প্রতিনিধি:
সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করার নীতিতে বিরোধী দল হিসেবে কাজ করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে শিল্পখাতের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের সঙ্গে আলোচনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছে দলটি।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, বিরোধী দল হিসেবে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করার নীতি জামায়াত অনুসরণ করবে না। সরকারের ভালো কাজগুলোতে সহযোগিতা করা হবে। আর জনস্বার্থের পরিপন্থি কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা নিয়ে সমালোচনা, ভুল ধরিয়ে দেওয়া এবং প্রয়োজন হলে প্রতিবাদ ও প্রতিরোধের ভূমিকা পালন করা হবে।
বৈঠকে শিল্পখাতের বিভিন্ন সমস্যার বিষয়েও আলোচনা হয়। বিটিএমএ নেতারা দেশের টেক্সটাইল ও শিল্পকারখানাগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন।
বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, বিদ্যমান সমস্যাগুলো তারা বিভিন্ন সময় গণমাধ্যম ও সরকারের কাছে তুলে ধরেছেন। সরকারও এসব সমস্যা ধৈর্যের সঙ্গে শুনে কিছু ক্ষেত্রে সমাধানের উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কয়েকটি কারখানা এখনো সমস্যার মুখোমুখি হচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা বৈঠকে তুলে ধরা হয়েছে।
শিল্প খাতের সমস্যা সমাধানে বিরোধীদলীয় নেতার সহযোগিতার আশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলোর দ্রুত সমাধানের বিষয়ে শফিকুর রহমান গুরুত্ব দিয়েছেন।
বৈঠকে এনার্জি বন্ড, সুতার অপব্যবহারসহ শিল্প খাতসংশ্লিষ্ট আরও কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান বিটিএমএ নেতারা।
বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল ও মো. সেলিম উদ্দিন এবং বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেলসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।