https://cns24news.com/

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা

প্রকাশের তারিখ: 07 Oct 2026   |   প্রতিবেদক: editor
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিনিধি:

‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন।

তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের।

‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটি আয়োজন করছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার প্রক্রিয়া এবং তুরস্ক-বাংলাদেশ সম্পর্কের সম্ভাব্য নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তুরস্ক সফর শেষে জামায়াত আমির সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। সফর শেষে আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।