https://cns24news.com/

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতাকে ধরতে চসিক কার্যালয়ে পুলিশের অভিযান

প্রকাশের তারিখ: 07 Oct 2026   |   প্রতিবেদক: editor
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতাকে ধরতে চসিক কার্যালয়ে পুলিশের অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেপ্তারে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ের সামনে অভিযান চালিয়েছে নগর পুলিশ। প্রায় এক ঘণ্টা নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান করেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে নগরের টাইগারপাস এলাকায় চসিক কার্যালয়ের সামনে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

পুলিশ সূত্র জানায়, ওয়াকিল হোসেন নগর ভবনের ভেতরে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য রাতে চসিক কার্যালয়ের সামনে অবস্থান নেয় খুলশী থানা-পুলিশ। তবে পুলিশ নগর ভবনের ভেতরে প্রবেশ করেনি।

অভিযানের সময় চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোহেল পারভেজ এবং খুলশী জোনের সহকারী কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছিলেন।

পুলিশের অবস্থানের খবর ছড়িয়ে পড়লে বগার অনুসারী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নগর ভবনের সামনে জড়ো হন। এ সময় পুলিশের সঙ্গে উপস্থিত লোকজনের তর্ক-বিতর্ক হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তবে শেষ পর্যন্ত বগাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাত ১০টার দিকে পুলিশ সদস্যরা নগর ভবনের সামনে থেকে চলে যান।

অভিযানের বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহমেদ এবং উপপুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাদের মুঠোফোনে একাধিকবার কল এবং ক্ষুদে বার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

কে এই বগা

ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগে গত ৮ জুন তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে। তবে এসব মামলার অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে খুলশীর ওয়্যারলেস এলাকায় বগাকে গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ। সে সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, ওই সময় তিনি বাসার একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে যান। ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

সম্প্রতি খুলশীতে কিশোর হৃদয় হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশের দাবি করা ‘সেভেন স্টার’ নামের একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে বগা ও তার ভাইয়ের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। এর আগে গত ৪ অক্টোবর বগার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

তবে এসব অভিযোগ ও পুলিশের দাবির বিষয়ে ওয়াকিল হোসেন ওরফে বগার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।