অনলাইন ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে দুই দেশের কৌশলগত অংশীদারত্বের আওতায় রাশিয়ার প্রতি পিয়ংইয়ংয়ের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত কিমের শুভেচ্ছাবার্তায় বলা হয়, দুই দেশের ‘ব্যাপক কৌশলগত অংশীদারত্বের’ আওতায় যৌথ সহযোগিতা আরও সম্প্রসারিত করবে পিয়ংইয়ং। রাশিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা স্বার্থ ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ‘ন্যায়সংগত যুদ্ধ’ বিজয়ের মধ্য দিয়ে শেষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তবে কিমের বার্তায় রাশিয়ার ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া ২০২৪ সাল থেকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সহায়তার জন্য আনুমানিক ১৪ হাজার থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে বলে ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব রয়েছে।
২০২৪ সালের জুনে পুতিন ও কিমের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। চুক্তির পর সামরিক ও কৌশলগত সহযোগিতাও বেড়েছে।
এর আগে উত্তর কোরিয়া রাশিয়ার প্রতি সামরিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতিরও সমালোচনা করেছে। সম্প্রতি তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ও সামরিক সহায়তার সমালোচনা করে ওয়াশিংটনের বিরুদ্ধে তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলেছে পিয়ংইয়ং।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি অভিযোগ করেছেন, রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে জেটচালিত ড্রোনের প্রযুক্তি ভাগাভাগি করে থাকতে পারে। উত্তর কোরিয়া এর আগে রাশিয়াকে গোলাবারুদ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলেও বিভিন্ন পক্ষ জানিয়েছে।
রাশিয়া ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সহযোগিতা ইউক্রেন যুদ্ধের পাশাপাশি পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতেও নতুন মাত্রা যোগ করেছে।