নিজস্ব প্রতিনিধি:
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন এআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সুপার কামারুম মুনিরা। তিনি এএইচএম শাহাদাত হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নতুন দায়িত্ব সম্পর্কে কামারুম মুনিরা বলেন, দায়িত্বটি পেশাদারত্বের সঙ্গে পালন করার চেষ্টা করবেন তিনি।
২৮তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন কামারুম মুনিরা। কর্মজীবনে মাঠপর্যায়ে পুলিশিংয়ের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
সিআইডিতে দায়িত্ব পালনের পর তাকে পুলিশ সদর দপ্তরে বদলি ও পদায়ন করা হয়। সেখানে বিভিন্ন সময়ে তিনি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ভারপ্রাপ্ত এআইজি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট শাখার এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে সদর দপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট শাখায় এআইজি হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।
পেশাগত দায়িত্বের পাশাপাশি বিসিএস পুলিশ ক্যাডারের সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন কামারুম মুনিরা। ২০২৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নির্বাচনেও নির্বাচন কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
অন্যদিকে, পুলিশের সাবেক এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইনকে পুলিশ সদর দপ্তরের এআইজি (আইসিটি) শাখায় বদলি করা হয়েছে।