নিজস্ব প্রতিনিধি:
দেশে হামের প্রকোপে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৯০ শিশুর শরীরে। এ ছাড়া ১০২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন এবং নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন হামের সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১০ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২০ জনে।
সরকারি হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৩১৩ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামজনিত অসুস্থতা ও মৃত্যুর প্রবণতা অব্যাহত রয়েছে। ফলে শিশুদের টিকাদান, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্তদের সময়মতো চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।