https://cns24news.com/

অস্ট্রেলিয়ার দুই চলচ্চিত্র উৎসবে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’

প্রকাশের তারিখ: 07 Oct 2026   |   প্রতিবেদক: editor
অস্ট্রেলিয়ার দুই চলচ্চিত্র উৎসবে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’

বিনোদন ডেস্ক:

দেশে এখনো মুক্তি পায়নি আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। তবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দায় একের পর এক জায়গা করে নিচ্ছে সিনেমাটি। এবার অস্ট্রেলিয়ার দুটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ছবিটি।

নির্মাতা আসিফ ইসলাম বুধবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি এবং ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থে প্রদর্শিত হবে সিনেমাটি।

ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনির এবারের আসর শুরু হবে ২৯ অক্টোবর এবং চলবে ১ নভেম্বর পর্যন্ত। চার দিনের এ আয়োজনে ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সিনেমাও প্রদর্শিত হবে।

অন্যদিকে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ শুরু হবে ১২ নভেম্বর। চার দিনের এ উৎসব চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে দক্ষিণ এশীয় চলচ্চিত্রের বিভিন্ন কাজকে এ উৎসবে তুলে ধরা হয়। সিডনি ও পার্থের আয়োজনের সঙ্গে একই সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে।

এর আগে চলতি বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। অস্ট্রেলিয়ার মেলবোর্নেও সিনেমাটির প্রদর্শনী হয়েছে।

আন্তর্জাতিক উৎসবের পথ পাড়ি দিলেও সিনেমাটি এখনো বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’-এর গল্পের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা এবং সময়ের সঙ্গে এ শিল্পমাধ্যমের পরিবর্তন। দর্শকের চাহিদা ও বিনোদনের ধরন বদলে যাওয়ার সঙ্গে কীভাবে যাত্রাপালার মূল পরিবেশনা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে, সেটিই উঠে এসেছে সিনেমাটিতে।

গল্পে ‘প্রিন্সেস রোজী’ নামের এক নৃত্যশিল্পী দর্শকদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠেন। এই চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।

চরিত্রটির জন্য নিজের শারীরিক গঠনে পরিবর্তন আনতে প্রায় ৯ কেজি ওজন বাড়িয়েছিলেন ভাবনা। এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি নিজের উচ্ছ্বাসের কথাও বিভিন্ন সময় জানিয়েছেন।

সিনেমাটির অন্যতম বিশেষ দিক হলো, ভাবনা ছাড়া ছবির অন্যান্য শিল্পীর অধিকাংশই বাস্তব যাত্রাশিল্পী। ফলে যাত্রাপালার পরিবেশ, শিল্পীদের জীবন ও মঞ্চের বাস্তবতার সঙ্গে অভিনয়ের মিশেল ঘটেছে সিনেমাটিতে।

আন্তর্জাতিক উৎসবগুলোতে প্রদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের যাত্রাশিল্প ও লোকজ সংস্কৃতির একটি অংশও দেশের বাইরের দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’।