https://cns24news.com/

আনসার-ভিডিপি ব্যাংকের নবনিযুক্ত কর্মকর্তাদের বিশেষ ক্লাস নিলেন মহাপরিচালক

প্রকাশের তারিখ: 07 Oct 2026   |   প্রতিবেদক: editor
আনসার-ভিডিপি ব্যাংকের নবনিযুক্ত কর্মকর্তাদের বিশেষ ক্লাস নিলেন মহাপরিচালক

নিজস্ব প্রতিনিধি:

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ জন সিনিয়র অফিসারকে তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা সম্প্রসারণ, গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

তিনি একই সঙ্গে ব্যাংকারদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও গ্রাহকবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপস্ কনফারেন্স রুমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত সিনিয়র অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিশেষ ক্লাসে এসব নির্দেশনা দেন তিনি। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া ৯০ মিনিটের এ প্রশিক্ষণ সেশন শেষ হয় দুপুর ১টায়।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও। বিশেষ ক্লাসে তিনি ব্যাংকের কার্যক্রমকে তৃণমূল মানুষের প্রয়োজনের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রশিক্ষণে গ্রামীণ ও ক্ষুদ্র উদ্যোগে যথাসময়ে ঋণ বিতরণ, দক্ষতার সঙ্গে ঋণ আদায় এবং প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের ভূমিকা নিয়েও আলোচনা করেন তিনি।

আনসার ও ভিডিপি সদস্যদের আর্থিক নিরাপত্তা ও স্বাবলম্বিতা নিশ্চিত করার ক্ষেত্রেও ব্যাংককে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ব্যাংকের চেয়ারম্যান। বিশেষ করে সঞ্জীবন প্লাটুনের সদস্যদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

প্রশিক্ষণের শেষ পর্যায়ে নবনিযুক্ত কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে ব্যাংকের সেবার মান উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে আর্থিক সেবা সম্প্রসারণে ভূমিকা রাখার আহ্বান জানান।

সংশ্লিষ্টদের মতে, দক্ষ ও জনবান্ধব ব্যাংকার তৈরির পাশাপাশি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সেবাকে আরও আধুনিক ও কার্যকর করার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।