https://cns24news.com/

ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ

প্রকাশের তারিখ: 08 Oct 2026   |   প্রতিবেদক: editor
ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি বন্ধ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলে পরিবারের মধ্যে ভিজিএফের চালও বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ ও জিআই পণ্য। এর প্রজনন ও উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞার সময় নদীতে ইলিশ ধরা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ রয়েছে।

তিনি বলেন, মাদারীপুর ইলিশ উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। পদ্মা নদীতে ইলিশের উৎপাদন বাড়লে সবচেয়ে বেশি লাভবান হবেন জেলেরা। তাই ২২ দিনের এই সাময়িক কষ্টকে ভবিষ্যতের সম্পদ হিসেবে দেখতে হবে।

“২২ দিন ইলিশ ধরা বন্ধ রাখলে উৎপাদন বাড়বে। এর সুফল দীর্ঘমেয়াদে জেলেদের আয় ও সম্পদ বৃদ্ধিতে কাজে আসবে,” বলেন তিনি।

জেলেদের সহায়তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকার ভিজিএফের চাল বিতরণ করছে। জেলেদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইলিশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়; এ কাজে জেলে, ব্যবসায়ী, স্থানীয় জনগণ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। দেশের উন্নয়ন হলে সাধারণ মানুষেরও উন্নয়ন হবে এবং সরকারের লক্ষ্য মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাবীব খান এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।

এ ছাড়া শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জেলে এবং ভিজিএফের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ১৫১টি জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়।