https://cns24news.com/

প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার

প্রকাশের তারিখ: 08 Oct 2026   |   প্রতিবেদক: editor
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিনিধি:

প্রান্তিক পর্যায়ের খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতিও আরও শক্তিশালী হবে। এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বাড়ানোর ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খুলনার দৌলতপুরে আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খামারিদের কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ের খামারিদের আরও সক্ষম করে তুলতে এবং তাদের আয় বাড়াতে ধারাবাহিকভাবে কার্যক্রম চলছে। তরুণদেরও এ খাতে সম্পৃক্ত করতে সরকার বিভিন্নভাবে উৎসাহিত করছে।

হাঁসের হ্যাচিং ডিম রপ্তানির প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে। ভবিষ্যতে এর উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রাণিসম্পদ খাতকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ খাতে উৎপাদন ও উদ্যোক্তার সংখ্যা বাড়লে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

প্রতিমন্ত্রী বলেন, তরুণদের এই খাতে এগিয়ে আসতে উৎসাহিত করা হচ্ছে। ইতোমধ্যে অনেক তরুণ খামার গড়ে সফল হয়েছেন। তাদের ঋণসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ রয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

দৌলতপুর আঞ্চলিক হাঁস প্রজনন খামারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, খামারটির উন্নয়নে ইতোমধ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা অঞ্চলের মানুষ প্রাণিসম্পদ বিভাগের সেবা আরও কার্যকরভাবে পাবেন।

পরিদর্শনকালে খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানসহ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।