https://cns24news.com/

বিকাশ কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩

প্রকাশের তারিখ: 10 Oct 2026   |   প্রতিবেদক: editor
বিকাশ কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের এক ডিস্ট্রিবিউটর কর্মীকে গুলি করে প্রায় তিন কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তি হলেন ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার হিসাব ব্যবস্থাপক হিমেল। এ ছাড়া প্রাইভেট কারের চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন। হিমেলকে শ্রীপুরের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, ব্যাংক বন্ধ থাকায় এবং তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় শুক্রবার নগদ টাকার সংকট দেখা দেয়।

তিনি বলেন, বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা প্রাইভেট কারে করে আনা হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সেটির গতিরোধ করে।

পরে দুর্বৃত্তরা চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে এবং পিস্তল দিয়ে হিসাব ব্যবস্থাপক হিমেলকে গুলি করে। এরপর গাড়িতে থাকা তিনটি প্লাস্টিকের বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায় তারা।

মোস্তাফিজুর রহমানের ভাষ্য অনুযায়ী, গাড়িতে মোট চার কোটি টাকা ছিল। এর মধ্যে প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন এবং আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।