https://cns24news.com/

১০ বছরের সাজা বাতিল চেয়ে ইনুর আপিল

প্রকাশের তারিখ: 14 Oct 2026   |   প্রতিবেদক: editor
১০ বছরের সাজা বাতিল চেয়ে ইনুর আপিল

নিজস্ব প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় বাতিল করে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়।

গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তিনটি অভিযোগে ইনুকে পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড দেন। তবে সাজাগুলো একসঙ্গে কার্যকরের নির্দেশ দেওয়ায় তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এ মামলা করা হয়।

২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলাতেও তার বিচার চলছে।

এদিকে, ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আগেই আপিল করেছে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনে ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।