https://cns24news.com/

এলপিজি ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

প্রকাশের তারিখ: 14 Oct 2026   |   প্রতিবেদক: editor
এলপিজি ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) অপারেটররা ধর্মঘট প্রত্যাহার না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সতর্কবার্তা দেন।

মন্ত্রী বলেন, এলপিজি নিত্যপ্রয়োজনীয় পণ্য। এ খাত নিয়ে ধর্মঘটের মাধ্যমে মূল্য বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না। এ বিষয়ে ১৯৫৬ সালের আইন প্রয়োগের সুযোগ রয়েছে। অপারেটররা ধর্মঘট প্রত্যাহার না করলে সরকার আইনি ব্যবস্থা নেবে।

তিনি বলেন, জনগণ যাতে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে ভোগান্তিতে না পড়ে, সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে। ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সহনীয় রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্বজুড়ে যুদ্ধের কারণে জ্বালানি খাতে অনিশ্চয়তা ও দামের ওঠানামা চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোক্তাদের ওপর বাড়তি চাপ এড়ানো সরকারের লক্ষ্য।

সচিবালয়ের জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অপারেটরদের সঙ্গে বৈঠকে ধর্মঘটের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়।