https://cns24news.com/

উত্তরায় পোশাকশ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে তীব্র যানজট

প্রকাশের তারিখ: 14 Oct 2026   |   প্রতিবেদক: editor
উত্তরায় পোশাকশ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর উত্তরার আজমপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও বিমানবন্দরমুখী সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী ও কর্মজীবী মানুষ।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আজমপুর এলাকায় জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা সড়কে অবস্থান নিলে মহাসড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকেরা বিমানবন্দরমুখী সড়কের দিকে অবস্থান সরিয়ে নিলে ওই পথেও যান চলাচল ব্যাহত হয়।

শ্রমিকদের প্রধান দাবির মধ্যে রয়েছে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ ও বেতন বৃদ্ধি। তাঁদের অবরোধের কারণে গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে চলাচল করেন।

উত্তরা ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, সোমবার (১২ অক্টোবর) থেকে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন। বুধবার ছিল তাঁদের আন্দোলনের তৃতীয় দিন।

পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে দুপুর ১টার দিকে পুলিশ সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে আজমপুর এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে অবরোধের প্রভাবে আশপাশের সড়ক, বিমানবন্দরমুখী পথ ও বিআরটি লেনে যানজট অব্যাহত থাকে।

এতে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীদের পাশাপাশি জরুরি সেবার যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।