https://cns24news.com/

পচা ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরি, ব্রাহ্মণবাড়িয়ায় বেকারিকে লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ: 14 Oct 2026   |   প্রতিবেদক: editor
পচা ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরি, ব্রাহ্মণবাড়িয়ায় বেকারিকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরির অভিযোগে এশিয়া বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা শহরের ভাদুঘর এলহামপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক আলী আজগরকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযানে নেতৃত্ব দেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এশিয়া বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় পচা ও খাওয়ার অনুপযোগী ডিম ব্যবহার করে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, বিভিন্ন স্থান থেকে এসব ডিম সংগ্রহ করে রাসায়নিক পদার্থের সাহায্যে দুর্গন্ধ দূর করার পর খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছিল।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়েছে।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।