https://cns24news.com/

ঢামেক হাসপাতালে সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

প্রকাশের তারিখ: 15 Oct 2026   |   প্রতিবেদক: editor
ঢামেক হাসপাতালে সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ইয়াসিন আরাফাত (২২) নামে এক সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে জানা গেছে, ইয়াসিন আগে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কারারক্ষী জসীম উদ্দীনসহ কয়েকজন সদস্য তার সঙ্গে ছিলেন।

ইয়াসিন আরাফাতের গ্রামের বাড়ি গাজীপুরের কোনাবাড়ী চৌরাস্তা এলাকায়। তার বাবার নাম মইজুল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে ইয়াসিন আরাফাত কোন মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন এবং তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।