নিজস্ব প্রতিনিধি:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। প্রকল্পের প্রথম ইউনিটে প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা শুরু হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় ইউনিটে আগামী বছরের জুনের মধ্যে জ্বালানি লোডিং ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সূত্র: বাসস
বুধবার জাতীয় সংসদ ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থাপিত তথ্যে এসব লক্ষ্য ও অগ্রগতির কথা জানানো হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।
বৈঠকে প্রকল্পটির নিরাপত্তা ও প্রযুক্তিগত দিক তুলে ধরে জানানো হয়, রূপপুর একটি তৃতীয় প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রকল্পের বিভিন্ন ধাপ বাস্তবায়ন করা হচ্ছে।
বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা জেলা পর্যায়ে সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজ নিয়েও বৈঠকে আলোচনা হয়।
এ ছাড়া স্কুল ও কলেজ পর্যায়ে বিজ্ঞান মেলা আয়োজন, বিজ্ঞান ও উদ্ভাবনচর্চায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করা এবং দেশীয় উদ্ভাবন বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।