বিশেষ প্রতিনিধি:
সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানকে দেখতে হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গিয়ে তিনি শামীম আহসানের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন। পরে শামীম আহসানের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দোয়া করেন তিনি।
এ সময় ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল জোনের দায়িত্বশীল নেতারা তাঁর সঙ্গে ছিলেন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জাতীয়তাবাদী দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছেন।
তিনি বলেন, এর আগেও একজনের পা ভেঙে দেওয়া হয়েছে। অনেকের বাড়িঘরে হামলা, দোকানপাটে লুটপাট এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনার তালিকা তাঁদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
জামায়াতের আমির বলেন, শামীম আহসানের ওপর হামলার পরপরই তিনি সরকারদলীয় চিফ হুইপকে ফোন করেছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “আমি আশা করি, সরকার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করবে। আমরা আর এ ধরনের ঘটনা দেখতে চাই না। আমরা চাই না, কেউ ফুলের পাপড়ি দিয়েও কাউকে আঘাত করুক। রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়।”
তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ ও কর্মসূচি রয়েছে। দেশে একটি সুস্থ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা প্রয়োজন। কারও কোনো বক্তব্য বা অভিযোগ থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সবাইকে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা মোকাবিলা করতে হবে রাজনৈতিক উপায়ে, সহিংসতার মাধ্যমে নয়।