https://cns24news.com/

দিল্লিতে মিছিলের আগেই আটক সিজেপি নেতা অভিজিৎ, হেফাজতে নেহা

প্রকাশের তারিখ: 16 Oct 2026   |   প্রতিবেদক: editor
দিল্লিতে মিছিলের আগেই আটক সিজেপি নেতা অভিজিৎ, হেফাজতে নেহা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। একই দিন যন্তর মন্তরের কাছ থেকে দলটির নেত্রী নেহা বোরাকেও আটক করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

এক সপ্তাহের মধ্যে এটি অভিজিতের দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লি পৌঁছানোর পর তাঁকে আটক করা হয়েছিল।

সিজেপির এবারের মিছিলের অন্যতম উদ্দেশ্য ছিল গত ১৩ অক্টোবর দলের দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানো। জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশের পর তাঁদের আটক করা হয়। পরে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় তাঁদের।

এর আগের দিন যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার অভিজিৎকে আটক করার সময় পুলিশ তাঁকে জানায়, তিনি নয়াদিল্লিতে যেতে পারবেন না এবং তাঁকে আটক করা হচ্ছে। জবাবে অভিজিৎ প্রশ্ন করেন, নয়াদিল্লিতে যেতে না পারলেও অন্য কোথাও যাওয়ার অধিকার তাঁর রয়েছে কি না এবং তিনি কোন আইন ভেঙেছেন।

এর আগে দিল্লি পুলিশ তাঁর বাসায় গিয়ে প্রস্তাবিত মিছিল আয়োজন না করার বিষয়ে একটি নোটিশ দিয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারায় নোটিশটি জারি করা হয়।

নোটিশে বলা হয়, দিল্লির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর রয়েছে। এ ছাড়া প্রস্তাবিত তিরঙ্গা মিছিলের জন্য নয়াদিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) অনুমতি নেওয়া হয়নি। অনুমতি ছাড়া মিছিল আয়োজন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে বলে সতর্ক করা হয়।

পুলিশ অভিজিৎকে জানিয়েছিল, জাতীয় পতাকা ওড়ানো আইনবিরুদ্ধ নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা বা জনসমাগম ঘটানো নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল হতে পারে। এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়।

পুলিশের সঙ্গে কথোপকথনের একটি ভিডিওতে দেখা যায়, ৩১ বছর বয়সী অভিজিৎ মহাত্মা গান্ধীর ছবি ছাপানো সাদা টি-শার্ট ও নীল জিনস পরেছিলেন। তাঁর কাঁধে জড়ানো ছিল ছোট একটি জাতীয় পতাকা। বসার ঘরে বসে তিনি পুলিশের কাছে জানতে চান, তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে।

ভিডিওতে তাঁকে পুলিশের দেওয়া নোটিশের কাগজপত্র পরীক্ষা করতে এবং নোটিশের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলতেও দেখা যায়।

সূত্র: এনডিটিভি