https://cns24news.com/

নারীর রাজনৈতিক নেতৃত্ব জোরদারে অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

প্রকাশের তারিখ: 16 Oct 2026   |   প্রতিবেদক: editor
নারীর রাজনৈতিক নেতৃত্ব জোরদারে অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

নিজস্ব প্রতিনিধি

নারীর অধিকার ও সমতা নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন নারী অধিকারকর্মীরা। একই সঙ্গে নারী অধিকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিক্রিয়া মোকাবিলায় রাষ্ট্রকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার রাজধানীর সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) মিলনায়তনে ‘নারীর অধিকারবিরোধী প্রতিক্রিয়া এবং নারীর রাজনৈতিক নেতৃত্ব জোরদারের উপায়’ শীর্ষক এক উন্মুক্ত বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন পাকিস্তানের ন্যাশনাল কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের চেয়ারপারসন অধ্যাপক খাওয়ার মমতাজ, কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ধর্ম ও সংস্কৃতি বিভাগের অ্যাফিলিয়েট সহকারী অধ্যাপক ড. আফরা জালাবি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ।

পাকিস্তানের অভিজ্ঞতা তুলে ধরে অধ্যাপক খাওয়ার মমতাজ বলেন, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণকে প্রায়ই পশ্চিমা প্রভাব হিসেবে উপস্থাপন করা হয়। এর ফলে নারীর অধিকার ও স্বাধীনতার বিরুদ্ধে বিরোধিতা বাড়ে।

তিনি বলেন, নারীদের রাজনৈতিক কর্মকাণ্ড ও অধিকার আদায়ের আন্দোলন দমনে সামাজিক ও ধর্মীয় ব্যাখ্যার অপব্যবহার করা হয়। নারী অধিকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া ক্রমেই রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

ড. আফরা জালাবি বলেন, নেতৃত্বে নারীদের অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নারী অধিকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া মোকাবিলায় প্রচলিত ঐতিহ্য ও ইতিহাস নতুনভাবে পর্যালোচনা করা এবং নারীর অন্তর্নিহিত শক্তিকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, “নারীদের এমন এক অদৃশ্য শক্তি রয়েছে, যার মাধ্যমে তাঁরা প্রতিকূলতা মোকাবিলা করতে এবং পরিবর্তনের পথ তৈরি করতে পারেন।”