নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের সিঁড়ি ও লিফটের পাশের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।
অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে ক্লাবের সামনের সুইমিংপুলের কাছে রেখে তিনি নির্মাণাধীন ভবনে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাঁর মরদেহ পাওয়া যায়।
মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তাঁর সদস্য নম্বর ২০১২। তিনি রাজধানীর বনানীর জি-ব্লকের ৫ নম্বর সড়কের ৪০ নম্বর বাড়িতে বসবাস করতেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া জানান, ওই ভবনের একটি ফাঁকা জায়গা দিয়ে মোশাররফ হোসেন নিচে পড়ে গেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। ঘটনাস্থলে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে আবেদন দেওয়া হবে। এরপর ঘটনাটি অজ্ঞাত মামলা হিসেবে নথিভুক্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পারিবারিক সূত্র জানিয়েছে, মোশাররফ হোসেনের বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলে তাঁর দাফন সম্পন্ন করা হবে।