https://cns24news.com/

সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

প্রকাশের তারিখ: 17 Oct 2026   |   প্রতিবেদক: editor
সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম হাসপাতালে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা আহ্বান করেছেন। তবে সভা আহ্বানের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা।

শুক্রবার সন্ধ্যা ৬টায় অনলাইনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সিন্ডিকেটের কয়েকজন সদস্যের বরাত দিয়ে জানা গেছে, উপাচার্য মেসেজের মাধ্যমে সদস্যদের সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তবে সভায় কারা অংশ নিচ্ছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনলাইনে সভায় যোগ দেওয়ার জন্য তাঁদের ডাকা হয়েছে। তবে ছুটিতে থাকায় তিনি সভায় অংশ নিতে পারবেন কি না, তা নিশ্চিত নন।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, উপাচার্য মেসেজ পাঠিয়ে সভা আহ্বান করেছেন। তবে এভাবে সিন্ডিকেট সভা আহ্বান করা নিয়মসিদ্ধ কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। তাঁর ভাষ্য, নিয়ম অনুযায়ী রেজিস্ট্রারের মাধ্যমে সভার চিঠি পাঠানোর কথা।

চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির জানান, তিনি আগেই রেজিস্ট্রারের পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে নিয়মিত প্রক্রিয়ায় রেজিস্ট্রারের মাধ্যমে সভা আহ্বান করা হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার চুয়েটের প্রশাসনিক ভবনে বিদ্যুৎবিহীন অবস্থায় টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন উপাচার্য। পরে সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় তাঁকে সেখান থেকে বের করে আনা হয়। এরপর জরুরি চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরে উপাচার্যের সিন্ডিকেট সভা আহ্বানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও সভা পরিচালনার নিয়ম নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।